রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ফুটবল খেলার বল লাগাকে কেন্দ্র করে বিরোধ, চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৩২ পিএম

ফুটবল খেলার বল লাগাকে কেন্দ্র করে বিরোধ, চাটখিলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মীর হোসেন ওই গ্রামের বাসিন্দা।

ঘটনার পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মীর হোসেনের নাতি ইয়াসিন ও হাবীবসহ কয়েকজন শিশু বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে প্রতিবেশী ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বলটি নিয়ে বাড়িতে চলে যান।

পরে হাবীব বল আনতে গেলে রওশন আরা তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে আসে। বিষয়টি জানতে পেরে হাবীবের মা ছেলেকে বকাঝকা করেন এবং বালতি ফেরত দিয়ে বল আনতে যান। এ সময় রওশন আরার সঙ্গে হাবীবের মায়ের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার পর ফয়সালের স্ত্রী মুঠোফোনে তার স্বামীকে বিষয়টি জানান। এর জের ধরে ফয়সাল ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে এসে হাবীবের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে বৃদ্ধ মীর হোসেনকে মারধর করা হয় এবং তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মীর হোসেনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি মো. আবদুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

জেএইচ

Link copied!