ভুয়া তথ্য, সাইবার অপরাধ ও পরিবেশ দূষণের বিরুদ্ধে জনসচেতনতা গড়তে ‘কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম’ শুরু করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ‘বিয়ন্ড ক্লাসরুমস, ইনটু কমিউনিটিজ, টুওয়ার্ডস এ স্মার্টার চট্টগ্রাম’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শ্রেণিকক্ষে অর্জিত প্রযুক্তিগত জ্ঞানকে সমাজের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক মো. সাদাত জামান খান, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর অব কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ মো. হাসান এবং অতিথি শিক্ষক মো. আসিফ রহমান ও মো. তাসনিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অর্জিত জ্ঞান ও প্রযুক্তিগত সচেতনতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে প্রিমিয়ার ইউনিভার্সিটি দৃঢ়প্রতিজ্ঞ। দলভিত্তিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, দায়িত্বশীলতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথিরাও উদ্যোগটির প্রশংসা করেন। তাঁদের মতে, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ শেখার পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান, ডিজিটাল সেবার প্রসার ও স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, কোতোয়ালি, খুলশী, পাহাড়তলী, সদরঘাট, ডাবলমুরিং, হালিশহর ও আকবরশাহসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাবে। এতে থাকছে—ভুয়া সংবাদ ও ডিপফেক শনাক্তকরণ, ফিশিং, ওটিপি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতি, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং , অনলাইনে দায়িত্বশীল আচরণ এবং ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তা, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বন উজাড় ও নাগরিক দায়িত্ববোধ নিয়েও সাধারণ মানুষকে সচেতন করবেন শিক্ষার্থীরা।
কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অতিথি শিক্ষক মো. আসিফ রহমান ও মো. তাসনিম আহমেদ, কো-অর্ডিনেটর মো. হাসান এবং একাডেমিক কো-অর্ডিনেটর মো. রেজাউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম ও ডকুমেন্টেশন-সংক্রান্ত দিকনির্দেশনা দেবেন।
বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় কমিউনিটি এনগেজমেন্ট, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। সিএসই শিক্ষার অন্যতম লক্ষ্য প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানো। প্রিমিয়ার ইউনিভার্সিটির এ উদ্যোগ সেই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াস, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান ও সমাজের প্রয়োজনের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের প্রযুক্তিবিদ হওয়ার পাশাপাশি বর্তমান সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়ার সুযোগ পাবে।
