রাত নামলেই নামছে কুয়াশা, আর ভোরের দিকে তা রূপ নিচ্ছে ঘন কুয়াশায়। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বইছে হিমেল হাওয়া, সেই সাথে সকাল পৌনে দশটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলাগুলোতে হঠাৎ করেই শীতের অনুভূতি অনেকটা বেড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই নগরীর রাস্তাঘাটে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এ কারণে ভোরে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। শীত পড়া শুরু করায় নগরীর ফুটপাত ও বিপণিবিতানগুলোতে গরম কাপড়ের দোকানে শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে।
নগরীর সাহেব বাজার এলাকার রিকশাচালক আবদুল করিম বলেন, "গত কয়েকদিন হালকা ঠান্ডা থাকলেও আজ সকাল থেকে প্রচণ্ড হিমেল বাতাস বইছে। কুয়াশা আর ঠান্ডার কারণে সকালে রাস্তায় যাত্রীও অনেক কম ছিল।
আরেক শ্রমজীবী মানুষ সুমন বলেন, আমরা সকাল সকাল কাজের সন্ধানে বের হই। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডা বাতাসের কারণে শীত বেশি ছিল।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক তারেক আজিজ জানান, "মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। জলীয় বাষ্পের কারণে রাত ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে। আজ সকাল পৌনে দশটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। অপরদিকে গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন বলেন "হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এই সময়ে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পরিধান করতে হবে এবং বিশেষ করে শিশু বাড়তি যত্ন নিতে হবে।
