কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য চার সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ১৭ নভেম্বর মঙ্গলবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল।
অনুমোদিত এ কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতির দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন। জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মোহাং মুবিনুল হক এবং জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহমান মনোনীত হয়েছেন। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কমিটির সদস্য সচিব থাকবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)- এর প্রবিধান ৬৪ অনুসারে এই কমিটি গঠন করা হয়। স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস কমিটির মেয়াদ বলবৎ থাকবে।
এডহক কমিটির কর্মপরিধি সম্পর্কে পত্রে জানানো হয়, প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৫ (২) অনুযায়ী এ কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের ১২ এপ্রিল জারি করা একটি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি বিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না।
