চলতি বছর ফেনীতে ডেঙ্গুর শনাক্তের সংখ্যা ১ হাজার ৭৪৫ জন ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত চলতি মাসে জেলায় মোট ৩৯৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেই হিসেবে প্রতিদিন গড়ে ২১ জনের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। গত অক্টোবরে ফেনী ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ ছিল। ওই মাসে চলতি বছরের সর্বাধিক ৬০৪ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু শনাক্তের শীর্ষে রয়েছে ফেনী সদর। চলতি বছর এ উপজেলায় জেলায় সর্বাধিক ১ হাজার ৩১৫ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।
ফেনীতে ডেঙ্গু শনাক্তের সোনাগাজীতে ১৭২ জন, দাগনভূঞায় ১১১ জন, ছাগলনাইয়ায় ৯০ জন, পরশুরামে ৩৭ জন ও ফুলগাজীতে ২০ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। গত বছর জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ২০১ জন। সেই হিসেবে গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে আটগুণের বেশি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫২ জনের ডেঙ্গু পরীক্ষা করে ২০ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ফেনী সদরে ১২ জন ও সোনাগাজীতে ৮জন রয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ৫০ জন ডেঙ্গু রোগী।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জন। এর মধ্যে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ জন। ডেঙ্গু শনাক্তে জেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ২ হাজার ৬১৪টি ডেঙ্গু পরীক্ষার কিট মজুত রয়েছে।
ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, ফেনী পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও তার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এভাবে শহর থেকে গ্রামের কম বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। জামায়াতের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও সচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ফেনী পৌরসভাকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৌরসভার ড্রেন ও ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ কিংবা অন্য কোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই নিয়মিত পানি অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।
