গাজীপুর নগরীতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। একই সঙ্গে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
অনুষ্ঠানে শওকত হোসেন সরকার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
তিনি বলেন, গাজীপুর নগরীর ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে নগরীর শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়ামুখী হওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো জরুরি। এ লক্ষ্যেই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নগরীর ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীপুরে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের সুস্থ বিনোদন ও সামাজিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।
