চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৩০ শতাংশেরও কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের আগামী ২৪ নভেম্বর বোর্ডের জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লা জেলার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি এবং ফেনীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
বোর্ডের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন, তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। এ জন্য অধ্যক্ষদের লিখিত জবাবের পাশাপাশি আগামী ২৪ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লার শোকজ পাওয়া ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১১ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া মোহনপুর পাবলিক কলেজে ১২ দশমিক ৫০, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২ দশমিক ৬৪ এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
নোয়াখালীর ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। খলিলুর রহমান ডিগ্রি কলেজে ১৪ দশমিক ৫৩ এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজে পাসের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ।
চাঁদপুরের ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার মাত্র ১০ শতাংশ। অন্যদিকে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে উত্তীর্ণ হয়েছে ১২ দশমিক ৭৯ শতাংশ পরীক্ষার্থী।
লক্ষ্মীপুরের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে পাসের হার ১০ দশমিক ০৮ শতাংশ। এ ছাড়া জিল্লুর রহিম কলেজে ১১ দশমিক ৮১ এবং দত্তপাড়া ডিগ্রি কলেজে ১৩ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার শোকজ পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে পাসের হার ১৯ দশমিক ৩৫ শতাংশ এবং কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে ২১ দশমিক ৬০ শতাংশ।
অন্যদিকে, ফেনীর চারটি প্রতিষ্ঠানের মধ্যে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজে উত্তীর্ণ হয়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী।
এদিকে, শোকজের আওতায় আসা কয়েকটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চলতি বছর প্রথমবারের মতো দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাদের দাবি, প্রশ্নপত্রের জটিলতার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। এ ছাড়া অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিজ্ঞান বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি রয়েছে। শিক্ষকসংকট ও প্রশ্নপত্রের জটিলতার কারণে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব হয়নি বলে মনে করছেন তারা।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সভায় তাদের বক্তব্য সরাসরি শুনে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। তবে কোনো প্রতিষ্ঠানের জবাব সন্তোষজনক না হলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
