রাঙ্গামাটির কাউখালী উপজেলার পশ্চিম সোনাইছড়ি সংঘ রক্ষিত বৌদ্ধ বিহারে ১২ ঘণ্টাব্যাপী অভিধম্মা পটঠান পাঠ ও শুভ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ নভেম্বর দুইদিনব্যাপী এ অনুষ্ঠান চলে। বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আগত অসংখ্য পুণ্যার্থী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সোনাইছড়ি সংঘ রক্ষিত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দাবাসা মহাথেরো। সঞ্চালনায় ছিলেন মধ্যমমনাইপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেদানন্দ মহাথেরো।
প্রধান অতিথি হিসেবে রঙ্গিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাসনা মহাথেরো অনুষ্ঠানে অংশ নেন। ধর্মদেশক ছিলেন তারাবুনিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীল রক্ষিত মহাথেরো। এছাড়া মাঝেরপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দ থের (ধম্মচারিয়া) ধর্মদেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য পাইচিং মং মারমা, রাঙ্গামাটি জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দুল আলম এবং জেলা বিএনপির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক অর্জন মনি চাকমা।
উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বর্ণনা চাকমা, ৯৫ নং কাশখালী মৌজার হেডম্যান অভিষেক দেওয়ান এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অসংখ্য পুণ্যার্থী।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মগুরুরা বৌদ্ধ ধর্মীয় বিষয়ে ব্যাপক আলোচনা করেন এবং পুণ্যার্থীদের ধর্মীয় অনুশাসন মেনে চলার দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে মারমা, চাকমা ও বাংলা—এই তিন ভাষায় ধর্মীয় আলোচনা করা হয়।
