ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।
এতে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এবার এ ইউনিয়নকে উপজেলা করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাছিহাতাসহ তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। সমাবেশে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতারা। পরে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকা পড়ে।
জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, ‘সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এটি কোনোভাবেই মানা যাবে না এবং কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। দাবি না মানলে আন্দোলন আরো দীর্ঘায়িত হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে গত ৮ নভেম্বর একই ইস্যুতে সদর উপজেলার কোড্ডা রেলকেবিন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। সে সময় প্রায় চার ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।
