মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন, আসছে মোংলা-ঢাকা ট্রেনও

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:২৬ পিএম

জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন, আসছে মোংলা-ঢাকা ট্রেনও

খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বৃক্ষরোপন করছেন আলী আসগর লবী। ছবি : দৈনিক মুক্তবাণী

 খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী জানুয়ারিতে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন। একই সঙ্গে নতুন কোচ দেশে আসার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মঙ্গলবার দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।

তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা বিবেচনায় নিয়ে বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু হবে। এতে যাত্রীদের ঢাকায় যাতায়াতের সময় কমবে এবং ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

আলী আসগর লবী আরও বলেন, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ দেশে আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রেলযাত্রার সুযোগ বাড়বে। একই সঙ্গে মোংলাকেন্দ্রিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

সাতক্ষীরায় নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের লোকসান কমানো প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণ, যাত্রীসেবার মান উন্নয়ন এবং রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে রেলওয়ের সেবার মান বাড়ার পাশাপাশি এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাও ফিরবে।

এর আগে তিনি খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
 

জেএইচ

Link copied!