চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ী ৬নং ইউনিয়ন ৩নং ওয়ার্ড়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জমি দখল ও রাতারাতি ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোজাফফর আহমদ গংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী আবুল কাসেমের অভিযোগ, নিজের পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রথমে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো কার্যকর প্রতিকার পাননি। পরবর্তীতে আদালতের শরণাপন্ন হয়ে আদেশ পাওয়ার পরও বিরোধপূর্ণ জায়গায় দখল কার্যক্রম বন্ধ হয়নি।
প্রাপ্ত অভিযোগপত্র সূত্রে জানা যায়, আবুল কাসেম পূর্ব বৈলছড়ীর বাসিন্দা। তার দাবি, বিরোধপূর্ণ জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি। এ সম্পত্তি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জায়গাটি রক্ষায় তিনি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জমি জবরদখলের চেষ্টা, ঘর নির্মাণ এবং ভয়ভীতি প্রদর্শনের বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
কিন্তু ভুক্তভোগীর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ করার পরও বিরোধপূর্ণ জায়গা রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখতে পাননি তিনি। পরবর্তীতে বিষয়টি চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত গড়ায়।
প্রাপ্ত আদালতের আদেশে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৫ ধারায় বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এতকিছুর পরও আবুল কাসেমের অভিযোগ, অভিযুক্তরা বিরোধপূর্ণ জায়গায় রাতারাতি ঘর নির্মাণ করে দখল কার্যক্রম চালিয়ে যান। ফলে থানায় লিখিত অভিযোগ এবং আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে না পেরে চরম অসহায়ত্বের মধ্যে পড়েছেন তিনি।
এ ঘটনায় স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে, একজন নাগরিক জমি নিয়ে বিরোধের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পর আদালতের নির্দেশনা পর্যন্ত যাওয়ার পরও কেন বিরোধপূর্ণ জায়গায় এমন পরিস্থিতির সৃষ্টি হলো? আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা কী ছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
ভুক্তভোগী আবুল কাসেম সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত, আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং নিজের পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রয়োজনীয় আইনি সহায়তা দাবি করেছেন।
থানায় অভিযোগ থেকে শুরু করে আদালতের দ্বারস্থ হওয়া—সব পথ অনুসরণের পরও যদি একজন নাগরিক নিজের সম্পত্তি রক্ষা করতে না পারেন, তাহলে সাধারণ মানুষের আইনি সুরক্ষা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
