রাজনীতির পথ বড়ই পিচ্ছিল এবং বন্ধুর । বিশেষ করে আমাদের দেশের রাজনীতিতে রয়েছে অনেক বাধা-বিঘ্ন ও ঝড়-ঝঞ্ঝা। একে অতিক্রম করেই রাজনীতির মঞ্চে যারা আসীন হতে পেরেছেন, তারা জনগণের আকুণ্ঠ সমর্থন ও ভালবাসা লাভ করেছেন। দেশকে ভালবাসার পুরস্কার হিসাবে জনগণই তাদেরকে সাফল্যের শিখরে আসীন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদীয়মান, তরুণ রাজনীতিবিদ হিসেবে এক বন্ধুর পথ অতিক্রম করে জনগণের কাছ থেকে সেই পুরষ্কার পেয়েছেন। বিপদসঙ্কুল পথ তারেক রহমান পাড়ি দিতে সক্ষম হয়েছেন আদর্শিক দৃঢতায়। দেশকে তথা দেশের মানুষকে ভালোবাসার পুরস্কার তিনি পেয়েছেন দীর্ঘ সতেরো বছর দুর্যোগময় নির্বাসিত জীবনের পর। এদেশের লাখো কোটি মানুষ তাকে অভিনন্দিত করেছে মাতৃভূমিতে ফেরার দিনটিতে।
রাজনীতির মূল লক্ষ্য জনসেবা; জনগণের স্বার্থরক্ষা করা; মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করা; মানুষের মুক্তির লক্ষ্যে জীবন উৎসর্গ করা। রাজনীতিতে সফলতা ও ব্যর্থতা দুই-ই আছে। কারো সফলতা বেশি কারো বা ব্যর্থতা। জনগণই রাজনীতির বা রাজনীতিবিদের ভাগ্য নির্ধারণ করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান একষট্টি পেরিয়ে বাষট্টিতে পা রেখেছেন। জন্মদিন ঘটা করে পালনে তিনি উৎসাহী বা আগ্রহী নন। দলকে বরং বারণ করেন কোন কর্মসূচি নিতে। কিন্তু জন্মদিন উপলক্ষে সুহৃদ শুভাকাঙ্খিরা শুভকামনা জানালে দোষের কিছু নেই। তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগত পরিচয় প্রায় আড়াই দশকের। পেশাগত কারণে তাঁর সংবাদ কভার করতে একাধিকবার বগুড়ায় সফরসঙ্গীও হয়েছি। লিখতে বসে নানা টুকরো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে।
আজকের সরকার প্রধান তারেক রহমান সম্পর্কে কিছু বলতে বা লিখতে গেলে প্রথমেই মানসপটে ভেসে উঠে তার বেদনাক্লিষ্ট মুখচ্ছবি। এক-এগারোর সেনা সমর্থিত সরকারের আমলে তার ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল, তারই ফলশ্রুতিতে এক জীবন্ত, উদীয়মান ও প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদের জীবনে নেমে আসে অমানিশার অন্ধকার। বন্দিদশায় তারেক রহমানের ওপর যে অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালানো হয় তাতে এই তরুণ, দেশপ্রেমিক রাজনৈতিক নেতার জীবনহানিরও আশংকা দেখা দিয়েছিল বলে প্রতীয়মান হয়।
পেশাগত কারণে জানি, অমানুষিক ও পৈশাচিক নির্যাতনের কারণে তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙ্গে যায় এবং একারণে চিরতরে তার পঙ্গু হয়ে যাওয়ারও আশংকা দেখা দিয়েছিল। অন্য কারো কাধে ভর করে অথবা হুইল চেয়ারে বসে আদালতে গমনাগমণের দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখেছিল গোটা জাতি। আমরা দেখেছি কাছ থেকে। অতি কষ্ট করে দাড়ানো; অন্যের কাঁধে ভর করে চলাচলের যন্ত্রণাকাতর দৃশ্য আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে; করেছে আমাদের হৃদয়কে ভারাক্রান্ত। অনুমান করতে পেরেছি কি ভয়াবহ নির্যাতনের শিকার তিনি হয়েছেন। এক পর্যায়ে সাময়িক মুক্তিলাভ করে তিনি চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান।
তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল দুর্নীতির অভিযাগে। সে সময়ে আরো অনেক রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ী একই ধরনের অভিযোগে গ্রেফতার হন। প্রত্যেকেই কমবেশি নির্যাতনের শিকার হয়েছিলেন। কোন কোন নির্যাতনের কাহিনী মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একটি স্বাধীন দেশে এটা কল্পনাও করা যায় না। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা দেশপ্রেমিক সকল নাগরিকেরই কাম্য। দুর্নীতিবাজদের শাস্তির ব্যাপারে কারোরই আপত্তি থাকার কথা নয়। কিন্তু দেশের শীর্ষ পর্যায়ের সকল রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা দুর্নীতিবাজ এ কথা কি বলা যায়? এক-এগারোর সময় অসৎ উদ্দেশে তাই করা হয়েছিল। দুর্নীতির অভিযোগে ঢালাওভাবে রাজনৈতিক নেতাকর্মীদের ও ব্যবসায়ীদের গ্রেফতার করা; তাদের কাছ থেকে জোরপূর্বক বিপুল অর্থ আদায় করা; তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো কোন সভ্য সমাজ ও রাষ্ট্রের নীতি হতে পারে না।
তাছাড়া দুর্নীতি প্রমাণ হবার আগে কাউকে দুর্নীতিবাজ বলা এবং তার জন্য শাস্তি বিধান করা কিছুতেই কোন বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তারেক রহমানের বেলায়ও একথা সত্য। বিচারের আগেই বা দোষী প্রমাণিত হবার আগেই তাকে শাস্তিভোগ করতে হয়েছিল। নির্মমভাবে নির্যাতিত হতে হলো। এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এবং আইন ও বিধি-বহির্ভূত। মঈন-ফখরুদ্দিন-মঈন সরকার মিথ্যা মামলা দায়ের, নির্যাতন ও হয়রানির নজিরবিহীন ঘটনা সভ্য সমাজকে করেছে বিস্মিত ও হতবাক।
একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারেই তারেক রহমানের জন্ম এবং বেড়ে ওঠা । অতএব রাজনীতির প্রথম পাঠ বা প্রথম দীক্ষা পারিবারিক পরিবেশেই তিনি লাভ করেন এবং তারুণ্যেই তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। বগুড়ার গাবতলি বিএনপি’র সদস্য হয়ে তারেক রহমান একেবারে তৃণমূল থেকে রাজনীতির সূচনা করেন। পরে জেলা বিএনপি’র সদস্য হন। তারও অনেক পরে দলের প্রয়োজনের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে রাজনৈতিক নেতৃত্বে আসেন। এদেশের জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রায় তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। কিন্তু চেতনায় এবং ভাবাদর্শে তাকে আমার তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি বলে মনে হয়েছে।
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিপুল বিজয়ের পেছনে তার নিয়ামক ভূমিকা ছিল। ওই নির্বাচন প্রক্রিয়ার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সে নির্বাচনে সফলতা তাকে আরো সক্রিয় রাজনীতিতে টেনে আনে। দলকে সুষ্ঠুভাবে সুসংগঠিত করার তাগিদ অনুভব করেন । তাই তিনি তৃণমূল থেকে দলকে তুলে ধরতে সংগঠনের কাজে আত্মনিয়োগ করেন। তিনি রাজনীতিকে স্থানীয় পর্যায়ে নিয়ে যান এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি সভার আয়োজন করে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন ধারা সৃষ্টি করেন। স্থানীয় পর্যায়ে প্রতিনিধি সভার আয়োজন এবং প্রতিনিধিদের মতামতকে প্রাধান্য দিয়ে নীতি-নির্ধারণের যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটি নিঃসন্দেহে রাজনীতিতে তাকে আরো উজ্জ্বল ও ভাস্বর করে। তার পিতার গ্রামমুখী রাজনীতির প্রভাবে যে তিনি প্রভাবিত হয়েছিলেন তা বুঝা যায় তার এ ধরনের কর্মকাণ্ড থেকে।
তারেক রহমান বাষট্টিতে পা দিলেও এখনো তারুণ্যের প্রতীক। রাজনীতিতে এক বিশাল তরুণ জনগোষ্ঠীর প্রতিনিধি। নেতাকর্মীরা তাকে তারুণ্যের অহংকার হিসেবে দেখে। এদেশের অগণিত তরুণের কর্মের ও প্রেরণার উৎস তিনি। তরুণ, প্রাণচঞ্চল, তেজোদীপ্ত তারেক রহমান তার তারুণ্যদীপ্ত শক্তিতে তৃণমূল পর্যায় থেকে জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন। তার রাজনীতির লক্ষ্য ছিল উন্নয়ন ও অগ্রগতি এবং তা ছিল বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। এভাবেই রাজনীতিতে তার উত্থান শুরু হয় এবং রাজনীতিতে তার অগ্রযাত্রা ধীরে ধীরে দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে।
তারেক রহমানকে যারা কাছে থেকে দেখেছেন তারা অকপটে স্বীকার করবেন- তিনি একজন দক্ষ সংগঠক। বিএনপিকে বিস্তৃত ও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং করছেন। সাংগঠনিক গুণাবলী সকল রাজনৈতিক নেতাকর্মীর নাও থাকতে পারে। তবে রাজনীতিতে সফলতার জন্য সাংগঠনিক শক্তি অপরিহার্য। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের দেড় দশকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে এবং আরও সুসংগঠিত করতে তার মেধা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়েছেন তিনি ।
অনেকের দৃষ্টিতে রাজনীতিতে তারেক রহমানের উত্থান কিছুটা দ্রুত হয়েছে। আমার কাছে তা মনে হয় না। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছেন। তার নিজ যোগ্যতা ও শক্তিতেই এটি অর্জন করেছিলেন। জাতীয়তাবাদী শক্তির কাছে তার নিরংকুশ গ্রহণযোগ্যতারও প্রমাণ পাওয়া যায়। ইতিহাস শিক্ষা দেয় যে দেশকে ভালোবেসে, জনগণের কাছে যেয়ে, কাছে টেনে কেউ কখনও ধ্বংস ও বিলীন হয়ে যায়নি বরং ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ইতিহাসে দেখা যাবে, বহু দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনীতিবিদ দেশ ও জনগণকে ভালবাসার চরম মূল্য দিয়েছেন। কিন্তু জনগণের কাছে এবং দেশের ইতিহাসে তারা অমরত্ব লাভ করেছেন।
তারেক রহমানের জীবনের দুর্বিষহ দিনগুলোর অবসান ছিলো অবশ্যম্ভাবী। জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে সংগঠিত করে জনগণের মুক্তির লক্ষ্যে তিনি আত্মনিয়োগ করেছিলেন দূর দেশে বসেও। তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এবং জনমানুষের মুক্তির লক্ষ্যে জীবন উৎসর্গ করছেন, আগামীতেও করবেন আশা করি। তার ওপর যে শারীরিক ও মানসিক নির্মম নির্যাতন হয়েছে, তাতে তার প্রতি জনমানুষের সমবেদনা ও সমর্থন বৃদ্ধি পেয়েছে। তার গতিশীল ও ঐতিহাসিক নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল দুই-তৃতীয়ংশের বেশি আসন জিতে দুই দশক পর একরকম বাজিমাৎ করেছে।
ধারণা করি, তারেক রহমানের ব্যক্তিত্ব, নেতৃত্বসুলভ আচরণ, সাদামাটা নির্মোহ জীবন এরই মধ্যে কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে । তিনি জনমানুষের নেতায় পরিণত হয়েছেন। অনেকে পারিবারিক রাজনীতির কথা বলেন বটে কিন্তু পারিবারিক রাজনীতির চাইতেও বেশি প্রয়োজন নিজের গুণ, মেধা ও প্রজ্ঞা। পৃথিবীর বিভিন্ন দেশের দৃষ্টান্ত আমরা দিতে পারবো, যেখানে পারিবারিক সূত্রে রাজনীতিতে যুক্ত হলেও নেতৃত্ব প্রতিষ্ঠিত ও বিকশিত হয়েছে তাদের নিজ গুণে ও মেধার কারণে। তারেক রহমান পিতা-মাতার আদর্শকে পাথেয় করে স্বকীয় বৈশিষ্ট্যে এগিয়ে যাচ্ছেন বলেই মনে হচ্ছে।
তারেক রহমান রাজনীতি করেছেন, শিখেছেন, এখনও শিখছেন, হয়ত কোন কোন ক্ষেত্রে তিনি ভুলও করেছেন বা করছেন এবং এটাই স্বাভাবিক। তিনি অতিমানব নয়, ফেরেশতাও নন। নানা ঘাত-প্রতিঘাত, অম্ল-মধুর অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি আজ এ পর্যায়ে উন্নীত হয়েছেন। পারিবারিক পরিচিতি তাকে কিছুটা পথ দেখিয়েছে হয়ত কিন্তু তিনি হেঁটে গেছেন একাকী, দৃপ্ত পদক্ষেপে। বাবার মত সাধারণ মানুষের সাথে মিশে, তাদের সাথে কথা বলে, এ মাটির গন্ধ নিয়ে তিনি দলের শীর্ষ পর্যায়ে এসেছেন। মাতৃবিয়োগের পর হাল ধরেছেন দেশের বৃহত্তম দলের। গণরায় নিয়ে দেশের চালকের আসনে বসেছে। এটা যেমন আল্লাহ প্রদত্ত, আবার তার যোগ্যতাও। তাঁর পথ চলা শুভ হোক। রাজনীতির কঠিন সময়ে বাষট্টিতম জন্ম দিনে তাঁর জন্যে অফুরন্ত শুভকামনা।
এম আবদুল্লাহ : যুগ্ম সম্পাদক, আমার দেশ, সাবেক সভাপতি, বিএফইউজে, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
