ইউরোপ এখন এক উত্তাল শরৎকালের মধ্য দিয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না। শিক্ষকের সংকট রয়েছে। শ্রেণিকক্ষগুলোর অবস্থাও জরাজীর্ণ।
স্পেনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ৮৭ বছর বয়সী এক নারীকে তার ৭০ বছরের বসতবাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। একটি বিনিয়োগ তহবিল বাড়িটি কেনার পর তার বাড়িভাড়া ২৩০ শতাংশ বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তাকে বাড়ি ছাড়তে হয়। হাসপাতালে ভর্তি হওয়ার দুই সপ্তাহ পর তার মৃত্যু হয়।
এখন এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। ইতালিতে গত সপ্তাহে ৫০টি শহরের রাস্তায় নেমে এসেছিলেন ১০ লাখেরও বেশি মানুষ। পর্তুগালে আবাসন ব্যয় দ্রুত বেড়ে যাওয়ার প্রতিবাদে তাবু খাটিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মেয়াদ বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মোকাবিলা করেছে দাঙ্গা পুলিশ। এ সময় জলকামানও ব্যবহার করা হয়। সর্বশেষ যুক্তরাজ্যেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২০ নভেম্বর হাজার হাজার শিক্ষার্থী এক দিনের কর্মসূচিতে অংশ নেন। তাদের স্লোগান ছিল, ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, তাদের যুদ্ধের জন্য নয়!’
জেনারেশন জেড বা জেন-জি প্রজন্মের এই বিক্ষোভগুলোর পেছনে একটি সাধারণ কারণ রয়েছে। সেটি হলো জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাওয়া। বৈশ্বিক মহামারি, ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং এখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সরবরাহব্যবস্থা ভেঙে পড়ছে। ফলে পণ্য ও সেবার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।
তবে এটি আরও বড় একটি সমস্যার লক্ষণমাত্র। নিয়ন্ত্রণমুক্ত বাজারব্যবস্থা এবং নব্য উদারনীতিবাদী অর্থনৈতিক নীতি করপোরেশনগুলোকে শুধু অর্থনীতিই নয়, রাজনীতির ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। এর ফলে সমাজের শীর্ষে থাকা অল্পসংখ্যক মানুষের হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। অন্যদিকে ইউরোপের বিপুলসংখ্যক সাধারণ মানুষের জীবন ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এআইয়ের কারণে ব্যাপক বেকারত্বের আশঙ্কাও তৈরি হয়েছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অর্থনীতি কীভাবে পরিচালিত হচ্ছে, তা মৌলিকভাবে নতুন করে ভাবতে হবে। অথচ আমরা এমন এক রাজনৈতিক শ্রেণির শাসনাধীন, যারা দেশ পরিচালনার সদিচ্ছা ও সক্ষমতা হারিয়ে ফেলেছে।
অবশ্য ক্ষমতাসীনরা এখনো ক্ষমতার সুযোগ-সুবিধা ভোগ করতে আগ্রহী। কিন্তু তারা এমন একটি ব্যবস্থার মধ্যে কাজ করছে, যা মানবজাতির সামনে থাকা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের বাধা দিচ্ছে। এই সংকটের মধ্যে মধ্যপন্থি রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে। অন্যদিকে উগ্র ডানপন্থি ও বামপন্থি দলগুলোর প্রতি মানুষের সমর্থন দ্রুত বাড়ছে।
সমস্যার মূল জায়গাটি হলো, প্রায় ৪০ বছর আগে রাজনীতিবিদরা মেনে নিয়েছিলেন, আমাদের সব সমস্যার সমাধান রয়েছে অবাধ বাজারব্যবস্থার মধ্যে। সরকারগুলো অর্থনীতি পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। তাদের বলা হয়েছিল, অর্থনীতির নিয়ন্ত্রণ বেসরকারি খাতের হাতে ছেড়ে দিলে প্রতিযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে। রাষ্ট্রের আমলাতান্ত্রিক ও স্থবির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে অর্থনীতি দ্রুত এগিয়ে যাবে।
কিন্তু কয়েক দশক পেরিয়ে যাওয়ার পর দেখা গেল, বাজারব্যবস্থা আর অসংখ্য ছোট প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার জায়গা নেই। বরং সেখানে গড়ে উঠেছে বিশাল বিশাল করপোরেশন। এসব প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে সাধারণ মানুষ, সরকার এমনকি গোটা পৃথিবীকেও পরিচালিত করতে চাইছে।
অর্থনৈতিক ক্ষমতা এখন একচেটিয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর হাতে চলে গেছে। তারা সরবরাহব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যা যেকোনো সময় ভেঙে পড়তে পারে। মুনাফা নিজেদের হাতে রাখছে, কিন্তু ব্যবসার সামাজিক ও পরিবেশগত ব্যয় চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপর। তারা বৈষম্য বাড়াচ্ছে এবং পরিবেশ ধ্বংস করছে।
একসময় অর্থনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত নির্বাচিত সরকার। অন্তত জনগণের স্বার্থের কথা বিবেচনায় রাখার একটি দায় তাদের ছিল। কিন্তু এখন সেই সিদ্ধান্ত নেওয়া হয় করপোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কক্ষে। সেখানে বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ধনী বিনিয়োগকারীদের ব্যক্তিগত স্বার্থ।
অর্থনৈতিক সিদ্ধান্ত যদি মূলত অল্পসংখ্যক মানুষের সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়, তাহলে আমাদের গণপরিসরের অবকাঠামো ভেঙে পড়বে না কেন? জীবনকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য রাখতে যেসব বিষয় প্রয়োজন—আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—সেগুলো এখন আর মানুষের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে না। এগুলো পরিণত হয়েছে পণ্যে। একচেটিয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এসব খাত থেকেও মুনাফা করছে।
রাজনীতিবিদরা আমাদের কল্যাণরাষ্ট্রের কাঠামো ভেঙে দিচ্ছেন। তাদের দাবি, এখন আর দরিদ্রতম মানুষের দায়িত্ব নেওয়ার সামর্থ্য রাষ্ট্রের নেই। কিন্তু তারা বিষয়টি সম্পূর্ণ উল্টোভাবে দেখছেন। বাস্তবতা হলো, আমরা ধনীদের সম্পদের বোঝা বহন করতে পারছি না।
বর্তমান সংকটের মধ্যে ইউরোপের কিছু মানুষ ও রাজনৈতিক শক্তি আবারও শিল্পনীতি, অর্থনৈতিক পরিকল্পনা এবং সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করেছে। অবাধ বাজারব্যবস্থার যুগের সূচনায় যেসব হাতিয়ার পরিত্যক্ত হয়েছিল, সেগুলো ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে।
কিন্তু একচেটিয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর হাত থেকে ক্ষমতা ফিরিয়ে না আনলে এসব হাতিয়ার যথাযথভাবে ব্যবহার করা সম্ভব নয়। এর জন্য সমাজের মালিকানা ও নিয়ন্ত্রণ যাদের হাতে রয়েছে, তাদের সঙ্গে সমাজে বসবাসকারী সাধারণ মানুষের সম্পর্কের মৌলিক পরিবর্তন প্রয়োজন।
এ জন্য একটি নতুন সামাজিক ও অর্থনৈতিক চুক্তি দরকার। এর ব্যাপ্তি হতে হবে অন্তত ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নেওয়া নীতিমালার সমপর্যায়ের।
তবে কিছু দিক থেকে আজকের চ্যালেঞ্জ আরও বড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাজনীতিবিদরা একটি নতুন সামাজিক চুক্তি তৈরি করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো পুনর্গঠিত হবে, পৃথিবীর সম্পদ ও সম্পদ আহরণের সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। সেই প্রবৃদ্ধির সুফল সমাজের সবাই ভাগ করে নেবে। অর্থনীতি দ্রুত বাড়লে ধনীরা আরও ধনী হতে পারবেন। একই সঙ্গে দরিদ্র মানুষের অবস্থারও উন্নতি হবে।
কিন্তু আজকের পৃথিবীতে সম্পদের সীমাবদ্ধতা প্রকট। আগের মতো এই পথে চলা আর সম্ভব নয়। বরং বিশ্বের ধনী দেশগুলো ইতিমধ্যে বৈশ্বিক সম্পদের ন্যায্য অংশের চেয়েও বেশি ব্যবহার করে ফেলেছে।
এই সংকট থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে কেউ কেউ পশ্চিমা আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার কথা ভাবছেন। ইউরোপের সরকারগুলো এখন যে খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করতে আগ্রহী, সেটি হলো সামরিক শিল্প ও যুদ্ধের প্রস্তুতি।
এমনকি জার্মানির মতো দেশও সামরিক প্রয়োজনের কথা বলে তাদের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ বাজেটের নীতি থেকে সরে আসছে। অথচ এই নীতিই তারা প্রায় ধর্মীয় বিশ্বাসের মতো কঠোরভাবে ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপিয়ে দিয়েছিল। এখন সামরিক খাতের প্রয়োজন দেখা দেওয়ায় সেই নীতির ব্যতিক্রম ঘটছে।
কিন্তু সামরিক ব্যয় বাড়িয়ে ইউরোপের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করা যাবে না। এতে মানুষের নিরাপত্তাও নিশ্চিত হবে না। বরং এর ফলে একচেটিয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষমতা আরও বাড়বে। তারা জনগণের করের অর্থ থেকে ক্রমাগত বেশি সুবিধা নেবে। একই সঙ্গে বিশ্বকে ভয়াবহ সংঘাতের আরও কাছে নিয়ে যাবে।
এটি আমাদের বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করার উদ্যোগ নয়। বরং ইউরোপ যখন যেখানে যা করতে চায়, তখন সেখানে তা করার সক্ষমতা ধরে রাখার উদ্যোগ। অন্যায় ও বৈষম্যের ওপর ভিত্তি করে আর সমৃদ্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইউরোপের তরুণেরা বিষয়টি বুঝতে পেরেছে। জার্মানির বিভিন্ন শহরের রাস্তায় তাদের বিক্ষোভের স্লোগানগুলো দেখলেই তা বোঝা যায়। সেসব স্লোগানে স্পষ্টভাবে সামরিকতন্ত্রের বিরোধিতা করা হচ্ছে।
প্রকৃত সমাধানের জন্য চিন্তাভাবনায় আরও বড় পরিবর্তন প্রয়োজন। আমাদের মেনে নিতে হবে, ইউরোপ এমন এক পৃথিবীতে প্রবেশ করছে, যেখানে প্রবৃদ্ধিই আর অর্থনৈতিক উন্নয়নের একমাত্র লক্ষ্য হতে পারে না। সমাজের বিদ্যমান সম্পদ ও সম্পদের ব্যবহার নতুন করে মৌলিকভাবে বণ্টন করতে হবে।
এই পরিবর্তন সহজ হবে না। এর জন্য এমন রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, যাদের করপোরেশনগুলোর হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সদিচ্ছা ও সক্ষমতা রয়েছে। একচেটিয়া পুঁজিবাদ ভেঙে দেওয়ার সাহস থাকতে হবে তাদের।
কিন্তু ওপর থেকে এই পরিবর্তন আসবে না। কারণ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক ফ্রেডেরিক ডগলাস যেমন বলেছিলেন, ‘দাবি ছাড়া ক্ষমতাসীনরা কখনোই স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় না।’
ইউরোপের তরুণেরা আমূল পরিবর্তনের দাবি তুলেছে। আশার জায়গাটি এখন তাদের মধ্যেই।
সূত্র: আল জাজিরা
নিক ডিয়ার্ডেন: গ্লোবাল জাস্টিস নাউয়ের পরিচালক।
