মানসিক অসুস্থতাকে চিকিৎসাযোগ্য সমস্যা হিসেবে মানতে অনীহা, সামাজিক লজ্জা, বিশেষজ্ঞের স্বল্পতা ও সেবার সীমিত সুযোগ-সব মিলিয়ে বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় চিকিৎসার বাইরে থাকছেন। হাসপাতালে জনবল ও যন্ত্রপাতির ঘাটতির পাশাপাশি কর্মক্ষেত্রেও মানসিক স্বাস্থ্যসুরক্ষার ব্যবস্থাও দুর্বল। সচেতনতার অভাবের সঙ্গে যুক্ত এই প্রাতিষ্ঠানিক ঘাটতি রোগী ও পরিবারের দুর্ভোগ দীর্ঘায়িত করছে। দেশে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও অবহেলা ও অসচেতনতার কারণে সামগ্রিক চিত্র এখনও অজানাই থেকে যাচ্ছে। দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথম জরিপ হয়েছিল ২০০৩-২০০৫ সালে। ওই জরিপে বলা হয়, প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার প্রায় ১৬ শতাংশ। এর ১৫ বছর পর দ্বিতীয় জরিপ হয়, সেখানে বলা হয়, প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ এবং শিশুদের ১২ দশমিক ৬ শতাংশের মধ্যে নির্ণয়যোগ্য মানসিক রোগ আছে। এরপর আর কোনো সমীক্ষা করা হয়নি। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮–১৯-এর চূড়ান্ত ফল অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ এবং শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশের নির্ণয়যোগ্য মানসিক রোগ ছিল। আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ৯২ দশমিক ৩ শতাংশ এবং শিশুদের ৯৪ দশমিক ৫ শতাংশ চিকিৎসা নেননি। এক গবেষণায় বলা হয়, ক্যান্সার রোগীদের মধ্যে মানসিক রোগ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। রোগ নিয়ে শঙ্কা, চিকিৎসার অনিশ্চয়তা এবং আর্থিক চাপের কারণে রোগীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রায় ৮৮ শতাংশ ক্যান্সার রোগী মানসিক রোগে ভুগছেন। হতাশার দিক হলো, তাঁদের মধ্যে মাত্র ৭ শতাংশ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। বাকিদের অনেক সময় ঘুমের ওষুধ দিয়ে দায়িত্ব শেষ করা হয়। অথচ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মানসিক রোগের ক্ষেত্রে ঘুমের ওষুধ মূল চিকিৎসা নয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে প্রায় ১২০ কোটি মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত ছিল। ১৯৯০ সালের তুলনায় এই সংখ্যা বেড়েছে ৯৫.৫ শতাংশ। দেশের মানসিক স্বাস্থ্যসেবা কাঠামো সময়োপযোগী করা অপরিহার্য। পাশাপাশি সাধারণ মানুষকেও বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে হবে। মানুষের জীবনযাপনের ধরনে পরিবর্তন এসেছে। কর্মক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক পর্যায়েও মানসিক চাপে থাকে বেশির ভাগ মানুষ। কাজেই এই সময়ে মানসিক স্বাস্থ্যে অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান যথার্থই বলেছেন, ‘দৃশ্যত স্বাস্থ্যবান অথবা নীরোগ থাকাটাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। সুতরাং কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।
