পাকিস্তানের শাসকেরা একগুচ্ছ নতুন সমস্যার পুরোনো সমাধান খুঁজে পেয়েছেন। আর তা হলো, দেশের মানচিত্র নতুন করে আঁকা। অর্থনীতি যখন সংকটে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল, আদালত যখন ক্রমাগত রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিতে এবং সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতি ও বেকারত্বের সঙ্গে লড়াই করছে, তখন ক্ষমতাসীন মহল মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার একটি আপাত সহজ উপায় খুঁজে পেয়েছে।
এই বিতর্ক ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ টানাপোড়েনও সামনে নিয়ে এসেছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি রাজনৈতিক চাপ প্রয়োগ কিংবা গণভোটের মাধ্যমে সিন্ধু প্রদেশকে বিভক্ত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতারা নতুন প্রশাসনিক ইউনিট গঠনের পক্ষে জোরালো প্রচার চালাচ্ছেন। তাঁদের যুক্তি আপাতদৃষ্টিতে খুব সহজ। ছোট প্রদেশ হলে সুশাসন নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের ইতিহাস কিংবা সাংবিধানিক অভিজ্ঞতা এত সরল কোনো ধারণাকে সমর্থন করে না।
সিন্ধুকে বিভক্ত করার এই নতুন সাংবিধানিক উদ্যোগের বিরোধিতা করায় বিলাওয়াল সমর্থন পাওয়ার যোগ্য। জোর করে সিন্ধুকে ভাগ করা হলে রক্তপাত হতে পারে—তাঁর এই সতর্কবার্তাকে সহিংসতার আহ্বান হিসেবে নয়, বরং গভীর উদ্বেগের প্রকাশ হিসেবে দেখা উচিত। জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এই প্রদেশ ইতিমধ্যে ভয়াবহ মূল্য দিয়েছে। সামাজিক কাঠামো নিয়ে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন তার নেই।
প্রস্তাবিত গণভোটের বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক। গণভোটভিত্তিক গণতন্ত্রের অভিজ্ঞতা থেকে পাকিস্তানের অন্তত তিনটি ঘটনা আমাদের সতর্ক করে দেয়।
১৯৬০ সালে জেনারেল আইয়ুব খান তাঁর পরিকল্পিত ‘মৌলিক গণতন্ত্র’ ব্যবস্থার মাধ্যমে একটি গণভোট আয়োজন করেন। জনগণকে বিভিন্ন রাজনৈতিক বিকল্পের মধ্যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দিয়ে তিনি ৮০ হাজার স্থানীয় প্রতিনিধির একটি নির্বাচকমণ্ডলীর কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেন। এই আয়োজন সামরিক শাসনের পক্ষে বেসামরিক বৈধতার একটি আবরণ তৈরি করেছিল। কিন্তু প্রকৃত গণতান্ত্রিক জবাবদিহি প্রতিষ্ঠায় এর কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না।
জেনারেল জিয়াউল হক ১৯৮৪ সালের ডিসেম্বরে এই পদ্ধতিকে আরও এক ধাপ এগিয়ে নেন। তাঁর গণভোটে ইসলামায়ন নীতির প্রতি সমর্থন এবং আরও পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতায় থাকার অনুমোদন—দুটিকে কার্যত এক করে ফেলা হয়েছিল। সরকারি হিসাবে প্রায় ৯৮ শতাংশ মানুষ তাঁকে সমর্থন করেছিল। যদিও ব্যাপক কারচুপি এবং বিরোধী দলগুলোর বর্জনের অভিযোগ ছিল। একজন অনির্বাচিত শাসকের ক্ষমতা দীর্ঘায়িত করতে ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
জেনারেল পারভেজ মোশাররফ ২০০২ সালের এপ্রিলে একই ঘটনার পুনরাবৃত্তি করেন। সরকারি ফলাফলে তাঁকে প্রায় ৯৭ দশমিক ৫ শতাংশ সমর্থন দেওয়া হয়। ভোট পড়ার হার দেখানো হয়েছিল ৭১ শতাংশ। বিরোধী দল ও স্বাধীন পর্যবেক্ষকেরা এই ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ব্যাপক অনিয়ম হয়েছে এবং ভোটার উপস্থিতির যে হিসাব দেখানো হয়েছে, তা বাস্তবসম্মত নয়।
এই ঘটনাগুলো প্রমাণ করে না যে পৃথিবীর সব জায়গায় সব গণভোটই অবৈধ। বরং এগুলো আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আনে। পাকিস্তানে গণভোট বারবার এমন ব্যক্তিদের স্বার্থে ব্যবহৃত হয়েছে, যাঁরা আগে থেকেই অসাধারণ ক্ষমতার অধিকারী। এর সরল পদ্ধতি শাসকদের কাছে আকর্ষণীয়। কারণ এর মাধ্যমে সংসদীয় আলোচনা, প্রাদেশিক সম্মতি এবং রাজনৈতিক সমঝোতার জটিল প্রক্রিয়া এড়িয়ে যাওয়া যায়।
এই ইতিহাসের পরও বর্তমান গণভোট আয়োজনের উৎসাহ বোঝা কঠিন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পাকিস্তানের প্রশাসনিক ভবিষ্যৎ নির্ধারণের গণতান্ত্রিক উপায় হিসেবে গণভোটের পক্ষে কথা বলেছেন। এমকিউএম-পি নেতা ফারুক সাত্তার ২০২৭ সালের শুরু হওয়ার আগেই গণভোট চান। অথচ সংবিধানের ২৩৯(৪) অনুচ্ছেদে বিষয়টি স্পষ্টভাবে বলা আছে। কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের মোট সদস্যসংখ্যার দুই-তৃতীয়াংশের অনুমোদন প্রয়োজন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।
জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট আয়োজনের সুযোগ দিয়ে সংবিধানের ৪৮(৬) অনুচ্ছেদে যে বিধান রাখা হয়েছে, তা দিয়ে এসব সাংবিধানিক সুরক্ষা বাতিল করা যায় না। জাতীয় পর্যায়ের সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে কোনো ফেডারেল ইউনিটের সাংবিধানিক অধিকার উপেক্ষা করা চলবে না। গণতন্ত্র মানে শুধু ভোট গণনা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান, ফেডারেল কাঠামোর সমঝোতা এবং সংখ্যাগরিষ্ঠের জোরজবরদস্তি থেকে সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যবস্থা।
এমকিউএম-পি নেতৃত্বের উচিত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করা। করাচির সমস্যাগুলো বাস্তব। শহরটির অবকাঠামোর অবনতি, অনির্ভরযোগ্য পানির সরবরাহ, অপর্যাপ্ত গণপরিবহন, দুর্বল পৌর প্রতিষ্ঠান এবং সরকারি সম্পদে অসম প্রবেশাধিকারের মতো সমস্যাগুলোর জরুরি সমাধান প্রয়োজন। হায়দরাবাদ এবং অন্যান্য শহরাঞ্চলের মানুষের হতাশার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
কিন্তু করাচিকে সিন্ধু থেকে আলাদা করাই একমাত্র সমাধান নয়। বরং এটি সবচেয়ে যুক্তিসংগত সমাধানও নয়। ভূখণ্ড ভাগ করার বিষয়ে দলটির অনড় অবস্থান রাজনৈতিক দূরদর্শিতার অভাব প্রকাশ করে। এতে এমন জাতিগত বিভাজন আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যার কারণে অতীতে বিপুল মানুষের দুর্ভোগ হয়েছে।
ভাষাভিত্তিক জনগোষ্ঠী, রাজনৈতিক সংগঠন এবং প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে করাচির অতীত সহিংসতার ইতিহাস আমাদের সতর্ক হওয়ার শিক্ষা দেয়। নতুন কোনো সাংবিধানিক দুঃসাহসিকতার দিকে ঠেলে দেয় না। ভাষা, বংশপরিচয় কিংবা জন্মস্থান যা-ই হোক, সিন্ধু প্রদেশ তার সব বাসিন্দার। সিন্ধিভাষী ও উর্দুভাষী জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম একই শহর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, বাজার ও পাড়ায় বসবাস করে আসছে। তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই সহাবস্থানকে আরও শক্তিশালী করার ওপর। প্রশাসনিক অসন্তোষকে ভূখণ্ডগত বিরোধে পরিণত করার ওপর নয়।
অতীতের সংঘাতের মানবিক মূল্যও কারও ভুলে যাওয়া উচিত নয়। ১৯৭০-এর দশকের শুরুর ভাষাগত অস্থিরতা থেকে শুরু করে ১৯৮০ ও ১৯৯০-এর দশকের জাতিগত ও রাজনৈতিক সহিংসতা পর্যন্ত সিন্ধু বহু মৃত্যু, বিধ্বস্ত পরিবার এবং বিভক্ত জনপদ দেখেছে। পাকিস্তানের অন্যান্য অঞ্চলও যথেষ্ট রক্তপাতের সাক্ষী হয়েছে। রাজনীতিবিদদের এমন বক্তব্য থেকে বিরত থাকা উচিত, যা নতুন প্রজন্মকে পুরোনো বিদ্বেষের উত্তরাধিকারী করে তুলতে পারে।
তবে এর অর্থ এই নয় যে সিন্ধুর শাসনব্যবস্থার ব্যর্থতার দায় পিপিপির নেই। প্রায় দুই দশক ধরে একটানা প্রদেশটির ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছে দলটি। পৌর প্রশাসন উন্নত করা, জনসেবা শক্তিশালী করা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এই সময় যথেষ্ট ছিল।
সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বিলাওয়ালের অবস্থান আরও বিশ্বাসযোগ্য হবে, যদি এর সঙ্গে প্রাতিষ্ঠানিক সংস্কারের একটি কার্যকর কর্মসূচি যুক্ত হয়। সমাধান হলো প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
সংবিধানের ১৪০-এ অনুচ্ছেদে ইতিমধ্যে প্রদেশগুলোকে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা এবং তাদের কাছে রাজনৈতিক, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নতুন প্রাদেশিক রাজধানী তৈরির পরিবর্তে সরকারগুলোর উচিত বিদ্যমান শহর, জেলা ও পৌর এলাকাগুলোকে ক্ষমতাশালী করা।
নির্বাচিত স্থানীয় পরিষদগুলোর জন্য নিয়মিত অর্থায়ন নিশ্চিত করতে হবে। পৌরসেবার ওপর তাদের উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ দিতে হবে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে। খেয়ালখুশিমতো স্থানীয় সরকার ভেঙে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।
করাচির প্রয়োজন ক্ষমতাশালী একটি মহানগর সরকার। হায়দরাবাদ, সুক্কুর, লারকানা, মিরপুরখাস এবং ছোট পৌর এলাকাগুলোরও জবাবদিহিমূলক স্থানীয় প্রতিষ্ঠান প্রয়োজন। গ্রামীণ সিন্ধুতে উন্নত স্কুল, হাসপাতাল, সেচব্যবস্থা ও সড়ক নির্মাণ জরুরি।
এ ধরনের সংস্কার ভাষাগত পরিচয়কে ভূখণ্ডগত সংঘাতের হাতিয়ার না বানিয়েই মানুষের অসন্তোষের সরাসরি সমাধান করতে পারে।
এই বিতর্ক আরও জরুরি কিছু সংকট থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিচ্ছে। পাঞ্জাবের কৃষকেরা ব্যয়বহুল কৃষি উপকরণ, গমের বীজের সংকট, আখ মাড়াইয়ে বিলম্ব এবং ফসলের অনিশ্চিত দাম নিয়ে অভিযোগ করছেন। পুরো পাকিস্তানজুড়ে সাধারণ পরিবারগুলো বিদ্যুতের বিল, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, বেকারত্ব এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে রয়েছে। তরুণদের কর্মসংস্থানের সুযোগ কমছে। অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠানগুলোও মৌলিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে।
সাশ্রয়ী দামে বীজের অপেক্ষায় থাকা একজন কৃষকের কাছে প্রাদেশিক সীমানা নিয়ে গণভোটের কোনো মূল্য নেই। বেকার একজন স্নাতক শুধু সংবিধান পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে বেঁচে থাকতে পারবেন না।
নতুন একটি প্রাদেশিক সচিবালয় তৈরি করলেই কোনো অবহেলিত জনপদে পানীয় জলের সরবরাহ নিশ্চিত হবে না। ঋণের চাপে থাকা কোনো পরিবারের বিদ্যুৎ সমস্যারও সমাধান হবে না।
২৭তম সংবিধান সংশোধনীর সঙ্গে মিলিয়ে দেখলে প্রস্তাবিত নতুন সাংবিধানিক উদ্যোগ আরও উদ্বেগজনক হয়ে ওঠে। আন্তর্জাতিক আইনজীবী কমিশন (আইসিজে) ২০২৬ সালের নভেম্বরের প্রতিবেদনে বলেছে, ২৭তম সংশোধনী কার্যকর হওয়ার ফলে বিচারব্যবস্থার ওপর কাঠামোগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এতে পাকিস্তানের উচ্চতর আদালতগুলোর স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিকার দেওয়ার সক্ষমতা গুরুতরভাবে দুর্বল হয়েছে।
২৭তম সংশোধনী সাংবিধানিক গণতন্ত্রের জন্য একটি বড় ধাক্কা। এর আগে করা সংশোধনীর সঙ্গে মিলিয়ে এটি বিচার বিভাগের সুরক্ষা দুর্বল করেছে। একই সঙ্গে নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করার কথা যেসব প্রতিষ্ঠানের, সেগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে।
আগের সংশোধনীর পরিণতি যথাযথভাবে পর্যালোচনা করার আগেই পাকিস্তান এখন ২৮তম সংবিধান সংশোধনীর সম্ভাবনার মুখোমুখি। ২৭তম সংশোধনী যেভাবে পাস করা হয়েছে, তার সমালোচনা করায় বিলাওয়াল প্রশংসা পেতে পারেন। তবে তাঁর দলও দায় এড়াতে পারে না। কারণ, এখন যেসব সাংবিধানিক পরিবর্তন নিয়ে তারা প্রশ্ন তুলছে, সেগুলো সমর্থন করার ক্ষেত্রে তাদেরও ভূমিকা ছিল।
রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অতীতের ভুল স্বীকার করতে হয়। শুধু পরবর্তী ভুলের বিরোধিতা করলেই চলে না।
পাকিস্তানের এমন কোনো নতুন সংবিধান সংশোধনীর প্রয়োজন নেই, যার উদ্দেশ্য ক্ষমতা কেন্দ্রীভূত করা কিংবা প্রাদেশিক সম্মতির সাংবিধানিক প্রক্রিয়া এড়িয়ে যাওয়া। দেশটির প্রয়োজন সংসদীয় জবাবদিহি, স্বাধীন বিচার বিভাগ, গ্রহণযোগ্য নির্বাচন এবং কার্যকর স্থানীয় সরকার।
১৮তম সংবিধান সংশোধনী দেখিয়েছে, দীর্ঘ আলোচনা ও বহুদলীয় সমঝোতার মাধ্যমে কঠিন সাংবিধানিক প্রশ্নেরও সমাধান সম্ভব। ফেডারেল কাঠামোর মধ্যে পারস্পরিক সমঝোতার যে চেতনা ওই সংশোধনীতে ছিল, তা রক্ষা করা উচিত। তাড়াহুড়ো করে আইন প্রণয়ন কিংবা কৃত্রিম জনসমর্থন তৈরির মাধ্যমে সেই চেতনা দুর্বল করা উচিত নয়।
সুতরাং, বর্তমান প্রাদেশিক ব্যবস্থার সব ত্রুটি মেনে নেওয়া আর সিন্ধুকে বিভক্ত করা—এই দুটির মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এমন নয়। প্রকৃত সিদ্ধান্ত হলো, গণতান্ত্রিক সংস্কার নাকি সাংবিধানিক কারসাজির আরেকটি অস্থিতিশীল উদ্যোগ।
বিলাওয়াল ঠিকই বলেছেন, জোর করে সিন্ধুকে বিভক্ত করা যাবে না। তবে সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি এর ভেতরে বসবাসকারী প্রত্যেক মানুষের জন্য ন্যায়বিচার, জনসেবা এবং প্রকৃত স্থানীয় স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।
সূত্র: জিনিউজ
ড. নাজির মাহমুদ: করাচির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন।
