মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৭৩ দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৬:৪৫ পিএম

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৭৩ দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ

গাজীপুরের দরিদ্র, অসচ্ছল ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৭৩ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। চলতি বছর পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক।
সোমবার গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে দুস্থ ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আয় বৃদ্ধির মাধ্যমে পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং নারীদের আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই পোশাক তৈরি, পোশাক মেরামতসহ বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ করে আয় করতে পারবেন। এতে একদিকে যেমন তাঁদের নিজস্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পরিবারের আর্থিক সংকট মোকাবিলায়ও তাঁরা ভূমিকা রাখতে পারবেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছর এ কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিকভাবে সেলাই মেশিন ব্যবহার করে আয়মুখী কাজ শুরু করতে পারলে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জে/এইচ

Link copied!