খাগড়াছড়িতে তিন হাজার ইয়াবাসহ ভুয়া স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ময়লারটিলা এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার আবু বক্কর সিদ্দিক ওরফে মামুন হোসেন (২৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সাদিয়া আক্তার (২০)।
খাগড়াছড়ি সদর থানা ওসি কায় কিসলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলুটিলাগামী সড়কে ময়লারটিলা জুম আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি ভাড়ায় চালিত একটি প্রাইভেট কার আটক করা হয়। এ সময় আবু বক্কর সিদ্দিক ওরফে মামুন হোসেন (২৮) সাদিয়া আক্তারকে (২০) তার স্ত্রী বলে দাবী করে। পরে আবু বক্কর সিদ্দিক ওরফে মামুন হোসেনের শরীর তল্লাশী করে সাদা কাগজে মোড়ানো একটি প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের স্বামী-স্ত্রী দাবী করেন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আবু বক্কর সিদ্দিক ওরফে মামুন হোসেন স্বীকার করেন, যাতে সন্দেহ না হয় এ কারণে এ ধরনের পরিচয় দিয়েছে। তিনি চট্টগ্রাম শহর থেকে ইয়াবা এনে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে বলে জানান ওসি।
