মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
অক্ষত পরিবারের সদস্যরা

খুলনায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৮:২১ পিএম

খুলনায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিবর্ষণ

 খুলনা মহানগরীর চানমারি অ্যাপ্রোচ রোডের খ্রিষ্টান পাড়ায় একটি বাড়িতে ঢুকে বাথরুমের ভেতরে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছুড়েছে হেলমেট পরা দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর চানমারি অ্যাপ্রোচ রোডের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আকস্মিক গুলির শব্দে বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এস এম মুজাহিদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির প্রবেশগেট খুলে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। বাড়িতে ঢুকে তারা বাথরুমের দরজা খুলে ভেতরে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এস এম মুজাহিদুল আজিজ ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় যাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তিনি বাড়িতেই ছিলেন। তবে গুলিবর্ষণের ঘটনায় পরিবারের কোনো সদস্য হতাহত হননি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ গুলি ছোড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় যাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তিনি বাড়িতে উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় সন্ত্রাসী গ্রুপ নুর আজিমের অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
 

জে/এইচ

Link copied!