বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ১২:৫৬ পিএম

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় আব্দুল কুদ্দুস নিজেকে জামিনে আছেন বলে দাবি করেন। পুলিশ তার জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে আব্দুল কুদ্দুসের স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই সদস্যকে উদ্ধার করেন। পরে রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এম/আই

Link copied!