বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৬:৪৩ পিএম

হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে মরিয়ম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান মরিয়ম। দুই শিশুকে গোসল শেষে নদীর তীরে তুলে দেওয়ার পর তিনি নিজেই পানিতে তলিয়ে যান। দুই শিশু তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় অন্ধকার নেমে এলে অভিযান স্থগিত করা হয়।

নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। তিনি দুই দিন আগে বাবার বাড়ি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামে বেড়াতে এসেছিলেন।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জে/এইচ

Link copied!