বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সড়ক-নৌপথে নিরাপত্তা সচেতনতায় মাঠে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন

​রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৫:০১ পিএম

সড়ক-নৌপথে নিরাপত্তা সচেতনতায় মাঠে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন

 সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’। এ উপলক্ষে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রাঙামাটি জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। স্থানগুলো হলো—রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনের এলাকা।
কর্মসূচিতে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল বন্ধ করতে হবে।
নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং নৌ আইন কঠোরভাবে অনুসরণের জন্য নৌযানের চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি, সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকেরা।

জে/এইচ

Link copied!