বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ট্রাকের পাটাতনের নিচে গোপন চেম্বার, মিলল ৩ লাখ ২০ হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৬:৩৫ পিএম

ট্রাকের পাটাতনের নিচে গোপন চেম্বার, মিলল ৩ লাখ ২০ হাজার ইয়াবা

 চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় বিশেষ কৌশলে ট্রাকে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মগ্রাম খন্দকার বাড়ির মৃত সোহরাব আলীর ছেলে।
শেখ শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসানো হয়।
পরে রাত সোয়া ২টার দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি আটক করে। এ সময় ট্রাকচালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা লুকিয়ে রাখার কথা জানান চালক। পরে তাঁর দেখানো মতে এবং তাঁর নিজ হাতে বের করে দেওয়া ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সব মিলিয়ে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জে/এইচ

Link copied!