বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

খুলনায় কাল নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন, লক্ষ্য খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০৯:৩৮ পিএম

খুলনায় কাল নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন, লক্ষ্য খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা

 তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করে নতুন প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর। সংশ্লিষ্টদের আশা, এ আয়োজনের মাধ্যমে নতুন ক্রীড়াপ্রতিভা উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও বাড়বে।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

তিনি বলেন, নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে শিশু-কিশোরদের খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা ও প্রশিক্ষণ দিতে পারলে তারাই বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে পারবে। অতীতে খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম খুলনা সফর ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে উল্লেখ করে হুইপ বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে সারাদেশের মতো খুলনাতেও উন্নয়নের নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা যায়। ইতোমধ্যে বন্ধ মিলগুলো চালুর উদ্যোগ নিয়ে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। খুলনাঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরের উন্নয়নের সঙ্গে খুলনার অর্থনৈতিক অগ্রগতি জড়িত। প্রধানমন্ত্রী বন্দরটির উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

প্রেসব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অংশ নিতে ইতোমধ্যে ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রথম আসরে নিবন্ধনের সংখ্যা ছিল এক লাখ ৬৮ হাজার। এবারের আসরে মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে।

তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার স্কুল-কলেজের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। চলতি বছর এক হাজার ইউনিয়নে মাঠ তৈরির উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। চলতি অর্থবছরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সচিব আরও বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি হবে। খেলাধুলার মধ্য দিয়ে শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পরিচিতি বাড়বে। এ আয়োজনকে ভবিষ্যতে পেশাভিত্তিক ক্রীড়ায় রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মো. মাহফুজুল আলম খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি আগামীকাল খুলনায় এসে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি জেটি উদ্বোধন এবং সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রমে অংশ নেবেন। তাঁর সফর সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় করা হয়েছে।

প্রেসব্রিফিংয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেএইচ

Link copied!