মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সাত দিনের আলটিমেটাম

খুলনায় নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৫:২০ পিএম

খুলনায় নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি

 হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফুঁসে উঠেছেন খুলনার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এসব অপরাধ বন্ধে প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তাঁরা। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্মারকলিপি প্রদান এবং পরবর্তী সময়ে খুলনার সব সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও তাঁরা তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাননি। কোনো কোনো ঘটনায় হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অথচ জরুরি খবর পাওয়ার পর সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশের ঘটনাস্থলে পৌঁছানোর কথা।

তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশ পৌঁছাতে এত বিলম্বের কারণ কী? এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁরা রাজপথে নেমেছেন। পুলিশ প্রশাসন দ্রুত জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে পারেন না। হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির কারণে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ অবস্থান তুলে ধরে তাঁরা বলেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’।

বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে নিয়মিত চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা, ভাঙচুর এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। ফলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। এসব ঘটনায় প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আন্দোলনকারীরা জানান, আগামী সাত দিনের মধ্যে এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, একসময় খুলনা শান্তির শহর হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। গত কয়েক মাসে প্রায় অর্ধশত মানুষ হত্যার শিকার হয়েছেন বলেও সমাবেশে দাবি করা হয়। এভাবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা অব্যাহত থাকলে পুরো চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

তাঁরা অবিলম্বে হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য পুলিশ ও নির্বাহী প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশে অভিযোগ করা হয়, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ভয়ে অনেক বেসরকারি ক্লিনিক মালিক ও চিকিৎসক প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তাঁদেরও ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জেএইচ

Link copied!