শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জিএমপি কমিশনারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মো. আশিক সাঈদ বলেন, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিএমপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা করা হবে না। অপরাধে জড়িত ব্যক্তি যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, মাদক যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। তাই মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নগরীর যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে পুলিশ।
সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।
এ সময় মাদক কারবারি ও অপরাধী চক্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
