মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

রাঙামাটিতে সরকারি দপ্তরে ছাত্রলীগের তালা: হাতুড়ি দিয়ে ভেঙে মুক্ত করল ছাত্রদল

​রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৯:৩৮ পিএম

রাঙামাটিতে সরকারি দপ্তরে ছাত্রলীগের তালা: হাতুড়ি দিয়ে ভেঙে মুক্ত করল ছাত্রদল

রাঙামাটি শহরে রাতের আঁধারে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা শহরজুড়ে মহড়া দেন এবং হাতুড়ি দিয়ে তালাগুলো ভেঙে ফেলেন। স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনায় পুরো শহরজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এসে বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখেন। এতে দৈনন্দিন প্রশাসনিক কাজে সাময়িক বিঘ্ন ঘটে।
​পরবর্তীতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই ঘটনার দায় স্বীকার করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
​এ খবর ছড়িয়ে পড়ার পরপরই মাঠে নামেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মুরশেদের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে মহড়া পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলানো তালাগুলো হাতুড়ি দিয়ে ভেঙে উন্মুক্ত করে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
​ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। শহরের কোথাও এই সংগঠনের কোনো কার্যক্রম দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে ছাত্রদলকে অবহিত করার জন্য তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
​এদিকে, আদালত ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মতো নিরাপত্তা নিশ্চিত স্থানে রাতের আঁধারে এমন ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
​সার্বিক বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়ানোর পর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ বিভিন্ন সরকারি কার্যালয় পরিদর্শনে গিয়ে তালা খোলা অবস্থায় দেখতে পায় এবং বর্তমানে সব দপ্তরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান তিনি।

জেএইচ

Link copied!