নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যরাতে রেললাইনে আগুন, সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এসব ঘটনা ঘটে।
তবে মঙ্গলবার ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের রতি নামক স্থানে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সঙ্গে আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, নামদিয়া পাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ এবং সোনাইমুড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা দেয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘট সফল করতেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেয়ার খবর পাওয়া গেছে।
তবে সোনাইমুড়ীতে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা নেই বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তিনি বলেন, সোনাইমুড়ীতে রেললাইনে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। আমরা রাতভর দায়িত্ব পালন করেছি। কোথাও এ ধরনের ঘটনা আমাদের নজরে আসেনি। তবে লাকসামের দিকে এমন কিছু ঘটে থাকতে পারে। সেটি আমাদের সীমান্তবর্তী এলাকা। এ বিষয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, রাজনীতি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংগঠনটির ১৬ সদস্যকে আটক করা হয়েছে। মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইনি কার্যক্রম চলমান থাকবে।
