খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে মহালছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে আবাসিক স্কুল এলাকা ঘুরে কলাবাজার হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী আলোচনা সভায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মহালছড়ি উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সতর্ক ও সজাগ থাকতে হবে। পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এদিকে একই সময়ে উপজেলার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথক একটি ঝটিকা মিছিল বের করা হয়।
দুটি কর্মসূচির মধ্য দিয়ে মহালছড়ি উপজেলা ও মাইসছড়ি ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সাংগঠনিক অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি তুলে ধরেন।
