দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে ‘সততা স্টোর’ ও ‘কিশোর-কিশোরী ক্লাব’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ১১টায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামী শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের ২০৪ নম্বর কক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর ও কিশোর-কিশোরী ক্লাবের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সততা স্টোর চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা গড়ে উঠবে। পাশাপাশি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম তাদের মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন: অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন এবং স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মো. জহুরুল ইসলাম।
আয়োজকরা জানান, সততা স্টোরের মূল উদ্দেশ্য হলো বিক্রেতাবিহীন কেনাকাটার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক মূল্যবোধের চর্চা গড়ে তোলা। এখানে শিক্ষার্থীরা নিজেরাই পণ্য সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এর মাধ্যমে তাদের বিবেককে সততার পাহারাদার হিসেবে গড়ে তোলা এবং সত্যবাদিতা ও সৎকর্মে উৎসাহিত করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে সততাকে জীবনের শ্রেষ্ঠ পুঁজি হিসেবে প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধের বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষার্থীদের সত্য প্রকাশে নির্ভীক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সততা স্টোর ও কিশোর-কিশোরী ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
