মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতীয় পর্যায়ে চতুর্থ, তবুও সংকটে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

​রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ১০:০৮ পিএম

জাতীয় পর্যায়ে চতুর্থ, তবুও সংকটে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

শিক্ষার মান ও ফলাফলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করলেও নানা সংকটে ধুঁকছে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)। ২০২৬ সালের জানুয়ারি-জুন সেমিস্টারে চট্টগ্রাম বিভাগে প্রথম এবং সারাদেশের ১৮০টি সরকারি-বেসরকারি কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তবে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাব, শিক্ষক-কর্মচারী সংকট, যাতায়াত ও আবাসন সমস্যার কারণে প্রত্যাশিত শিক্ষার্থী পাচ্ছে না প্রতিষ্ঠানটি।

প্রায় ২৫ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটে বর্তমানে পাঁচটি ব্যাচে ২১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। তবে সর্বশেষ ব্যাচে ভর্তি হয়েছে মাত্র ২২ জন। প্রতিষ্ঠানটিতে শিক্ষকের ১৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৭ জন। অন্যদিকে কর্মকর্তা-কর্মচারীদের ৪৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩ জন। সব মিলিয়ে ৬২টি পদের মধ্যে ৪২টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

প্রতিষ্ঠানটির ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ইমন চাকমা জানান, এখানে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ফসলের রোগবালাই ব্যবস্থাপনা, পোকামাকড় দমন এবং পরিবেশ সুরক্ষাসহ কৃষির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে প্রতিটি বিষয় শেখানোর কারণে কৃষি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

একই পর্বের শিক্ষার্থী কুমারী চাকমা বলেন, প্রতিদিন বনরূপা থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাতায়াত করতে হয়। প্রতিষ্ঠানটি শহর থেকে কিছুটা দূরে হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। শিক্ষার্থীদের জন্য উন্নত যাতায়াতের ব্যবস্থা করা হলে আরও অনেকে এখানে পড়াশোনায় আগ্রহী হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন জাতের পোকামাকড়ের পরিচিতি, ফসলের রোগবালাই, সার প্রয়োগের নিয়ম এবং কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখানো হচ্ছে। এতে কৃষি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতা তৈরি হচ্ছে।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তামিম ভূঁইয়া জানান, বীজ বপন, চারা উৎপাদন, ফসলের পরিচর্যা ও কীটনাশকের সঠিক ব্যবহারসহ কৃষির প্রতিটি ধাপে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ ভবিষ্যতে দক্ষ কৃষি উদ্যোক্তা কিংবা পেশাজীবী হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রশিক্ষক জয়ন্ত কুমার রায় বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির উপসহকারী প্রশিক্ষক বাবুরাম চাকমা নিজেও এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। ২০০৬ সালে ভর্তি হয়ে ২০১০ সালে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণের পর ২০২৩ সালে পিএসসির সুপারিশে ১০ম গ্রেডের নন-ক্যাডার উপসহকারী প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান।

তিনি বলেন, কৃষিশিক্ষা সম্পন্ন করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে শিক্ষার্থী ও অভিভাবকরা এসব সম্ভাবনা সম্পর্কে জানেন না। কৃষিশিক্ষার গুরুত্ব ও কর্মসংস্থানের সুযোগগুলো তুলে ধরা গেলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। পাশাপাশি বেকারত্ব নিরসনেও এ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. খোরশেদ আলম বলেন, প্রায় ২৫ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ, আবাসন ও যাতায়াত সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি কৃষিশিক্ষায় দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, কৃষিবিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ১০ম গ্রেডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। এমনকি বিদেশেও কৃষিতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। ফলে সম্ভাবনাময় এই শিক্ষাব্যবস্থাকে কাজে লাগানো গেলে তরুণদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।

তাই দ্রুত শূন্য পদগুলো পূরণ, শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াত সমস্যার সমাধান এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার পরিবেশ ও কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কৃষিশিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জেএইচ

Link copied!