বিএনপি সরকার শুধু দেশের অভ্যন্তরীণ উন্নয়নেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি খাত পুনর্গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় তিন মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিকিৎসা ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে মনিরুল হাসান বাপ্পী বলেন, এটি কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মহতী উদ্যোগ। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের এই ফ্রেন্ডশিপ প্রোগ্রাম পাইকগাছার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, আগামী তিন মাস এই কার্যক্রমের মাধ্যমে এলাকার নারী, পুরুষ ও বয়স্করা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অপরিহার্য। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। দলমত নির্বিশেষে সবাইকে জনকল্যাণমূলক এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে পালিয়ে গেছে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমানে দেশের উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টদের পাশাপাশি বিভিন্ন মহলের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট এবং দেশকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু ও ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এম আব্দুস সাত্তার।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস ও তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষ্মী রানী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম ও সদস্য সচিব আনারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দিনব্যাপী পাইকগাছা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এস এম মনিরুল হাসান বাপ্পী। সকালে তিনি পাইকগাছা বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এরপর রাড়ুলী ইউনিয়নের ভূবনমহনী স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাইকগাছার আর.কে.বি.কে. হরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বিকেল ৪টায় আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের একটি মার্কেটের নির্মাণকাজ উদ্বোধন করেন।
মাগরিবের নামাজের পর কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনি বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপির আয়োজিত মিছিলে অংশ নেন এস এম মনিরুল হাসান বাপ্পী।
