চলতি মাসের গত ১১ দিনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে দুই হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে চলতি বছরের ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, এই অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
