রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অস্ত্রের মুখে সাধারণ মোটরসাইকেল চালকদের জিম্মি করে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাঘাইহাট বনানী বন বিহারের সামনে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ইউপিডিএফ (মূল)-এর বিচার বিভাগের সমন্বয়ক ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা এবং জিকু চাকমার নেতৃত্বে একদল ব্যক্তি ওই এলাকায় অবস্থান নেয়। অভিযোগ রয়েছে, এ সময় সড়ক দিয়ে চলাচলরত সাধারণ মোটরসাইকেল চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে গতিরোধ করা হয়।
পরবর্তীতে চালকদের ভয়ভীতি দেখিয়ে তাদের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
আকস্মিক এই ঘটনায় বাঘাইহাট-সাজেক সড়কে চলাচলকারী চালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ভোগান্তি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আগামীকাল শুক্রবার থেকে পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণার ঠিক আগের দিন এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পাহাড়ের শান্তি, পর্যটন পরিবেশ ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে অভিযুক্তদের বা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
