বান্দরবানের রুমা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পার্বত্য ভিক্ষু পরিষদ, রুমা উপজেলা শাখা। পরিষদের উদ্যোগে সরেজমিন তদন্ত ও সামাজিক আলোচনার মাধ্যমে বিরোধের অবসান ঘটানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা, উদারতা ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে প্রয়াত মংসিংগ্য মারমার পরিবার। আলোচনার একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে বিরোধসংশ্লিষ্ট চর জমি পলিকা পাড়া বৌদ্ধ বিহারের নামে স্বেচ্ছায় দান করা হয়।
গত ১১ নভেম্বর সকাল ১০টায় ৩৫৩ নম্বর কোলাদী মৌজায় পার্বত্য ভিক্ষু পরিষদের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় প্রয়াত মংসিংগ্য মারমার ২৭ নম্বর হোল্ডিং এবং পলিকা পাড়া বৌদ্ধ বিহারের ৪৯ নম্বর হোল্ডিংয়ের জমির পরিমাণ, অবস্থান ও সীমানা পর্যবেক্ষণ করা হয়। উপস্থিত ব্যক্তিদের পর্যবেক্ষণ অনুযায়ী, দুটি হোল্ডিংয়ের চৌহদ্দির মধ্যে সরাসরি কোনো মিল বা বিরোধের বিষয় পাওয়া যায়নি।
পরে দুপুর ১টায় পার্বত্য ভিক্ষু পরিষদের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট হেডম্যান, বিভিন্ন পাড়ার কারবারি এবং পলিকা পাড়াবাসীর অংশগ্রহণে এক সামাজিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পলিকা পাড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উবামং, পিপলু মারমা, কোলাদী মৌজার হেডম্যান শৈচিংথুই মারমা, পলি মৌজার হেডম্যান চিংসাঅং মারমা, সেগুন মৌজার হেডম্যান উহ্লাচিং মারমা, প্রবীণ সাবেক সচিব উথোয়াইচিং মারমা, সাবেক প্রধান শিক্ষক রুইবেঅং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনার একপর্যায়ে উপস্থিত ভিক্ষুগণ ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ, সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ বিরোধ এড়ানোর লক্ষ্যে প্রয়াত মংসিংগ্য মারমার জ্যেষ্ঠ দুই পুত্র মংমং মারমা ও পিপলু মারমাকে তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় চর জমিটি পলিকা পাড়া বৌদ্ধ বিহারের নামে দান করার আহ্বান জানান। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে দুই ভাই উপস্থিত সবার সম্মুখে স্বেচ্ছায় জমিটি বৌদ্ধ বিহারের নামে দানের সম্মতি প্রকাশ করেন।
তবে ভবিষ্যতে নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো কারণে জমির সীমানা পরিবর্তিত হলে যাতে নতুন করে বিরোধের সৃষ্টি না হয়, সে বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। এ সময় কোলাদী মৌজার হেডম্যান শৈচিংথুই মারমার বক্তব্য শোনা হয়। পার্শ্ববর্তী তাঁর বড় ভাবি সামাপ্রুর জমি দানকৃত চর জমির সঙ্গে সংলগ্ন থাকায় ভবিষ্যতের দায়দায়িত্ব গ্রহণে তিনি অপারগতা প্রকাশ করেন। পরে উপস্থিত ব্যক্তিরা তাঁকে এ বিষয়ে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি আলোচনায় বলেন, ভবিষ্যতে নদীভাঙন বা প্রাকৃতিক কারণে পরিস্থিতির পরিবর্তন হলেও দানকৃত চর জমিটি পলিকা পাড়া বৌদ্ধ বিহারের জমি হিসেবেই বিবেচিত হবে। সভায় জমির সীমানা নির্ধারণ করে আগামী এক সপ্তাহের মধ্যে বিহার পরিচালনা কমিটির কাছে জমির দখল বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় পিপলু মারমা আরও একটি মানবিক প্রস্তাব তুলে ধরেন। তিনি দানকৃত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসা তাঁর চাচা মংক্যসিং মারমাকে ন্যায্য মূল্যে বাৎসরিক বর্গা চাষের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। এতে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দীর্ঘদিনের কৃষিকাজের ধারাবাহিকতাও বজায় থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা প্রয়াত মংসিংগ্য মারমার ধর্মীয় বিশ্বাস, উদারতা ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জীবদ্দশায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানের জন্য তাঁর জমি দানের উদ্যোগের কথাও তুলে ধরে তাঁর মানবিক ও ধর্মীয় মূল্যবোধের প্রশংসা করেন তাঁরা।
উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের সৃষ্টি হলে পিপলু মারমা পার্বত্য ভিক্ষু পরিষদ, রুমা উপজেলা শাখার কাছে নিরপেক্ষ তদন্ত ও সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিষদ উভয় পক্ষের বক্তব্য শোনা, সরেজমিন পরিদর্শন এবং সামাজিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করে।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত বিরোধকে দীর্ঘায়িত না করে ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ঐক্য ও সম্প্রীতির স্বার্থে মংসিংগ্য মারমার পরিবারের এ স্বেচ্ছায় জমি দানের সিদ্ধান্ত এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে এ উদ্যোগ প্রমাণ করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক নেতৃত্বের সমন্বয় ঘটলে জটিল বিরোধও শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।
শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করায় পার্বত্য ভিক্ষু পরিষদ, সংশ্লিষ্ট হেডম্যান, কারবারি, স্থানীয় নেতৃবৃন্দ ও পলিকা পাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মংসিংগ্য মারমা পরিবারের সদস্যরা।
