বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:২৩ পিএম

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

রাজশাহীর মহানগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যা মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করেন। 
এ সময় তিনি বলেন, হতা মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
অপরদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট নই। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
প্রসঙ্গত, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আসামি লিমন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তাওসিফের মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। 
দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনার দীর্ঘ পুলিশি তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত রায় ঘোষণা করলেন আদালত।
 

জেএইচ

Link copied!