চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনসে গিয়ে তাঁর ব্যবহৃত মুঠোফোন দুটি জব্দ করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁকে নজরদারিতে রাখা হয়েছে এবং অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
তবে এসপি জাহাঙ্গীর আলমকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, জাহাঙ্গীর আলম তাঁর অধীনস্থ কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে মঙ্গলবার তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তবে তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে ডিআইজি আরও বলেন, জাহাঙ্গীর আলম স্বাভাবিকভাবেই তাঁর কর্মস্থলে রয়েছেন। শুধু তাঁর দুটি মুঠোফোন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
