বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার মোড়ক উন্মোচন

মো. হাবীব আজম, ​রাঙামাটি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:২০ পিএম

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার মোড়ক উন্মোচন

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ নামের স্মরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।
​বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ হাছান আলী, ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার এবং বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু। এ সময় বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করার সুযোগ পাচ্ছে। ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকা প্রকাশের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “শিক্ষার্থীদের কেবল মানসম্মত শিক্ষায় শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়; তাদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।” এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের এই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ আরও প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
​
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার মোড়ক উন্মোচনকৃত কপি তুলে দেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচ ও নানা পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও প্রাণবন্ত রূপ নেয়।
 

জেএইচ

Link copied!