অপরিকল্পিত নগরায়ণ, যানজট ও আবাসন সংকটের চিত্র পাল্টে গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত একটি আধুনিক ও পরিকল্পিত মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। এ লক্ষ্য বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশন ও জেলা পরিষদের দুই প্রশাসককে সঙ্গে নিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, অপরিকল্পিত নগরায়ণ রোধ, পরিকল্পিত আবাসন এবং শিল্পাঞ্চলের শ্রমিকদের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন এই চেয়ারম্যান।
রোববার প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে গাজীপুরকে সম্প্রসারিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। এ জন্য প্রথমেই সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে হবে। একই সঙ্গে অপরিকল্পিত ঘরবাড়ি, মিল-কারখানা ও আবাসন প্রকল্পগুলোকে পরিকল্পিত নগর কাঠামোর আওতায় আনতে হবে। গাজীপুরের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, গাজীপুরের লাখ লাখ শিল্পশ্রমিকের জীবনমান উন্নয়নে হাসপাতাল, আবাসন ও তাঁদের সন্তানদের জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য পরিকল্পিত আবাসিক নগরী গড়ে তোলা এবং তুরাগ নদের দুই পাশে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।
এসব পরিকল্পনা বাস্তবায়নে এককভাবে কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্য, গাজীপুর সিটি করপোরেশন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে গাজীপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অতীত কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতি এবং ভবন নির্মাণের নকশা (প্ল্যান) অনুমোদনে দীর্ঘসূত্রতার অভিযোগের বিষয়ে নতুন চেয়ারম্যান বলেন, প্রথমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হবে। সেবার মান বাড়ানো এবং কাজের গতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে অন্যায়, অবিচার ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। তিনি বলেন, ‘আশা করি ভবিষ্যতে এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি হবে না।’
গাজীপুরের সন্তান হিসেবে এ অঞ্চলের উন্নয়নে নিজের মেধা, শ্রম ও অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে প্রথম কর্মদিবসে কার্যালয়ে পৌঁছালে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিসী, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, মহানগর বিএনপি নেতা সুরুজ আহমেদ, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান মামুন, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন রবিন, আবু তাহের মুসল্লি ও সাবেক কাউন্সিলর তানভীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
