মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মৃত্যু, গ্রেপ্তার ৪

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৬:৪৫ পিএম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মৃত্যু, গ্রেপ্তার ৪

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মলম পার্টির খপ্পরে এক যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মলম পার্টির বিরুদ্ধে। ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি)।

আজ মঙ্গলবার সকালে উপজেলার আব্দুলপুর জংশন স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিহত যাত্রী মো. মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া ঘরনাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের সাবদুল রহমানের মেয়ে মোছা. লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. আবরাঘ আলীর ছেলে মো. মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রহুল আমিনের ছেলে মো. হৃদয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এ চক্রের সদস্যরা তাঁর কাছে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত চারজন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা ওই যাত্রীর সর্বস্ব ছিনতাই এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এম/আর

Link copied!