খুলনা নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি তাঁর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় দুর্বৃত্তরা। এ ছাড়া নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি এবং সোনাডাঙ্গায় একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। একের পর এক গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজনের সঙ্গে সাঈদ শিকদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দরজায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি রক্ষা পান। তিনি আরও জানান, সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে, দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদিয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
অন্যদিকে, বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থিত দ্য পালঙ্কি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। চাঁদা দাবির হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের হস্তক্ষেপে রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। তিনি বলেন, চাঁদাবাজদের ভয়ে এত দিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার সেটি চালু করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল।
একই দিনে নগরীর তিনটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে চাঁদাবাজির হুমকির মুখে বন্ধ থাকা ব্যবসাপ্রতিষ্ঠান পুলিশের নিরাপত্তার আশ্বাসে চালুর পরও গুলির ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
