মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখছে না

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৯:২২ পিএম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখছে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, ডেঙ্গুর এই মহামারীতে হাসপাতালগুলোতে এখন রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়াতে জনগণকে সচেতন করার এই উদ্যোগ নিয়েছে। 
তিনি বলেন, ডেঙ্গুতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সরকারের উচিত এ বিষয়ে ব্যর্থতা স্বীকার করে মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া। এ পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে এবং সম্মিলিতভাবে চেষ্টা চালালে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সোমবার  বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ১৬টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মহানগরী কর্মপরিষদ সদস্য এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর হাফিজুর রহমান. সোনাডাঙ্গা থানা আমীর জি এম  শহিদুল ইসলাম,  সোনাডাঙ্গা  থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
মহানগরী সেক্রেটারি বলেন, পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে আমি সবার সাথে সমন্বিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেন, দুর্যোগ এলে জামায়াতে ইসলামী বসে থাকে না। ডেঙ্গুকে তারা মহামারির মতো গুরুত্ব দিয়ে দেখছেন। এ কারণে ৪ থেকে ১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মহানগরী সেক্রেটারি আরও বলেন, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিটি শাখা পর্যায়ে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি-সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হবে। ডেঙ্গু কীভাবে ছড়ায়, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং জ্বরের লক্ষণ দেখা দিলে কী কী পরীক্ষা করানো প্রয়োজন—সে বিষয়ে ঘরে ঘরে গিয়ে সচেতনতা বাড়ানো হবে।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!