মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

ছেলে হত্যার দেড় মাসের মধ্যেই রুপসায় গুলিতে বাবা ও নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৯:৫৯ পিএম

ছেলে হত্যার দেড় মাসের মধ্যেই রুপসায় গুলিতে বাবা ও নিহত

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার দেড় মাসেরও কম সময়ের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে বাবা আক্তার ঢালীকে (৬০)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৫ আগস্ট রাতে একই এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭)। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের বাবা ও ছেলের হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুটি হত্যার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি বেঞ্চে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মী মোরাদ জানান, আক্তার ঢালীর ডান পাশের কাঁধের গোড়ার দিকে গুলির আঘাত রয়েছে। একটি মূল গুলির আঘাতের পাশাপাশি শরীরে ছররা গুলির আঘাতও থাকতে পারে। শর্টগান থেকে গুলি করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্বজনদের কেউ কেউ পারিবারিক বিরোধের কথা বললেও এর সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তারা নিশ্চিত করতে পারেননি। হত্যার কারণও তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রূপসার শহীদের মোড় এলাকায় দূর্জনীমহলের সামনে জয় ঢালীর ওপর হামলা চালায় ৪ থেকে ৫ জনের একটি দল। হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

জয় ঢালী হত্যার রহস্যের মধ্যেই এবার তার বাবা আক্তার ঢালীও একই এলাকায় গুলিতে নিহত হলেন। ফলে দুটি হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

আক্তার ঢালীর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এম/আই

Link copied!