হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকার রেলওয়ে গুদাম ও ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে সাতজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার হালিশকান্দি মাস্টারপাড়া এলাকার মো. খাইরুল হাসান পলাশ (৩৫), লাখাই উপজেলার পূর্ব বুল্লার সুভাষ চন্দ্র মল্লিক (২৬), নবীগঞ্জের চৌকতপুর এলাকার কামরুল ইসলাম (৪১), শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার এলাকার রনি রবীদাস (২৩), নিজগাঁও এলাকার মো. শাহ আলম (২৮), চরণুর আহমেদ এলাকার মো. তৌহিদ মিয়া (২৬) এবং নবীগঞ্জের পিরিজপুর এলাকার রেদোয়ান হোসেন (২৩)।
এসআরবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা জানিয়েছেন। কমিশনের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা এবং জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠানোর কথাও তাঁরা জানিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া শেষে তাঁদের ও জব্দ করা স্মার্টফোনগুলো শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনগত প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারিত হবে।
