রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
দুই বছরেও জরিপ হয়নি

কর্ণফুলীর দক্ষিণ ও পূর্ব পাড়ের সীমানা জরিপে হাইকোর্টের দুই সপ্তাহের সময়

কামাল পারভেজ, চট্টগ্রাম

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৫:০৪ পিএম

কর্ণফুলীর দক্ষিণ ও পূর্ব পাড়ের সীমানা জরিপে হাইকোর্টের দুই সপ্তাহের সময়

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে জরিপ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
কর্ণফুলী নদী রক্ষায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) দায়ের করা জনস্বার্থমূলক মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের তালিকা তৈরি এবং জরিপ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। একই সঙ্গে জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
তবে আদালতের নির্দেশনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবেদন দাখিল করেনি। এ অবস্থায় এইচআরপিবির পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে বিষয়টি শুনানির জন্য ওঠে।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষায় সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল ২০২৩ সালে। কিন্তু এখন পর্যন্ত আদালতে কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে, যার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে চট্টগ্রামের বাসিন্দাদের ওপর।
শুনানি শেষে আদালত কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ সম্পন্ন করে অবৈধ দখলদারদের তালিকাসহ দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় এইচআরপিবির পক্ষে পিটিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী। বিবাদী করা হয়েছে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মোট ১৯ জনকে।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিহাব উদ্দিন খান।
 

জেএইচ

Link copied!