রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
গুরুত্ব পাচ্ছে পল্লী রূপান্তর

বার্ডে ১৩ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৪:৫৪ পিএম

বার্ডে ১৩ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কর্মশালা শুরু

ছবি: দৈনিক মুক্তবাণী

গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই পল্লী রূপান্তরের লক্ষ্যে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) শুরু হয়েছে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। আফ্রিকা ও এশিয়ার ১৩টি দেশের ২০ জন সরকারি কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন।

শনিবার বার্ডের কোটবাড়ি ক্যাম্পাসের লালমাই মিলনায়তনে ‘Achieving Sustainable Development Goals: Financial Inclusion and Rural Transformation’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ। আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আরডো) সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করেছে বার্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরডোর আইইসি বিভাগের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ নাইমুদ্দিন। সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ও কর্মশালার পরিচালক ড. মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর গ্রামীণ জনগোষ্ঠী প্রায় একই ধরনের সমস্যার মুখোমুখি। দারিদ্র্য, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, সাশ্রয়ী ঋণের অভাব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং গ্রামীণ নারীদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্পদের মালিকানা নিশ্চিত না হওয়া-এসব চ্যালেঞ্জ দুই অঞ্চলের দেশগুলোর জন্যই গুরুত্বপূর্ণ।

সম্প্রতি জাম্বিয়ার লুসাকায় অনুষ্ঠিত আরডোর টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির সপ্তম অধিবেশনে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় প্রশিক্ষণে অর্জিত জ্ঞান সনদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ফলোআপ, যৌথ গবেষণা ও পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণের অভিজ্ঞতাকে বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে হবে।

বাংলাদেশের সমবায়, ক্ষুদ্রঋণ ও মোবাইল আর্থিক সেবার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, শুধু ব্যাংক হিসাব খোলার মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জিত হয় না। সেই অর্থ মানুষের জীবনে কী পরিবর্তন আনছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। বাজারব্যবস্থার সঙ্গে সংযোগ ছাড়া ঋণ কার্যক্রম অনেক সময় ঋণগ্রস্ততা বাড়াতে পারে। তাই আর্থিক সেবার পাশাপাশি গ্রামীণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার পল্লী উন্নয়নকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদের নতুন সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামোতেও সমন্বিত পল্লী রূপান্তরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মশালায় অর্জিত জ্ঞান নিজ নিজ দেশে কাজে লাগানো এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, প্রশিক্ষণ, গবেষণা ও মাঠপর্যায়ের প্রায়োগিক গবেষণার সমন্বয়ই বার্ডের কার্যক্রমের মূল বৈশিষ্ট্য। ১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পদ্ধতিতে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়েই আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে কুমিল্লা মডেল।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা অন্য দেশের কাছে তুলে ধরার ক্ষেত্রে অর্জনের পাশাপাশি সীমাবদ্ধতাগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। কারণ শুধু ঋণ বিতরণ করলেই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত হয় না। তিনি জানান, ২০১৩ সাল থেকে বার্ড ও আরডোর যৌথ কর্মসূচিতে ২৮টি দেশের ৪০০-এর বেশি কর্মকর্তা অংশ নিয়েছেন। এ কর্মসূচি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে ‘Achieving SDGs: Financial Inclusion and Rural Transformation’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ। প্রবন্ধের ওপর আলোচনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ওমর ফারুক।

কর্মশালায় বাংলাদেশ, মিশর, গাম্বিয়া, ঘানা, ভারত, কেনিয়া, লাইবেরিয়া, মরিশাস, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, তিউনিসিয়া ও জাম্বিয়ার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সেশন পরিচালনা করবেন।

এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও পল্লী উন্নয়নের অভিজ্ঞতা নিয়ে কান্ট্রি পেপার উপস্থাপন করবেন। তাঁরা সমবায় প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ সংস্থা, শরিয়াহভিত্তিক ব্যাংক ও বিভিন্ন গ্রামীণ জনপদ পরিদর্শন করবেন। পাশাপাশি বহুজাতিক দলে বিভক্ত হয়ে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন।

কর্মশালার উদ্বোধনী অধিবেশন শেষে বার্ডের প্রায়োগিক গবেষণা কার্যক্রমের আওতায় পরিচালিত নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। আগামী ৮ ডিসেম্বর এ আন্তর্জাতিক কর্মশালা শেষ হবে।

 

জেএইচ

Link copied!