নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যশোর জেলা শাখা।
শনিবার সকাল ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলা ড্যাবের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, ইন্টার্ন চিকিৎসক এবং যশোর মেডিকেল কলেজের (যমেক) ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ড্যাবের খুলনা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ড্যাব নেতা ডা. রেজওয়ান উদ্ দারাঈন সুমন, ডা. আহসান কবির বাপ্পি, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ডা. এস এম নাজমুল হক, ডা. শরীফুল আলম খান, ডা. হারুন অর রশীদ, ডা. মোঃ ফারুক এহতেশাম পরাগ এবং ডা. এ কে এম মেজবাহ উর রহমান।
এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি জাহিন, সেবিকা প্রতিনিধি রহিমা বেগম এবং ইন্টার্ন চিকিৎসক জাকির।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা রুখে দেওয়ার আহ্বান জানান। সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
