রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

মুক্তবাণী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৪৫ পিএম

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

ছবি : মুক্তবাণী

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আলমগীর দালাল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আলমগীর দালাল ওই এলাকার নান্নু দালালের ছেলে। তিনি মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপি নেতা আওলাদ মোল্লা ও রহিম মোল্লার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। চরডুমুরিয়া, আশুরান, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া এ সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় সেলিম নামে একজন নিহত হন। সংঘর্ষে আহত শিশুসহ অন্তত পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে চার বছর বয়সী আব্দুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে চৈতারচর এলাকায় মেঘনার একটি শাখা নদীতে ঝাঁপ দেন আলমগীর দালাল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এদিকে সেলিম হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!