কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না। বিকল্প হিসেবে আড়িচা ঘাট হয়ে ঢাকায় যাতায়াত করবে বাস।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ও সহিংসতার আশঙ্কায় খুলনা-ঢাকা রুটে বাস চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁরা এ রুটে বাস চলাচল স্বাভাবিক রেখেছিলেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতি বিবেচনা করে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৬টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহনসহ জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আড়িচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় একটি সভা আহ্বান করা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। এসব কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় খুলনা-ঢাকা রুটে বাস চলাচলে সতর্কতামূলক এ সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
