গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে শ্রমিকরা বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানার ছুটি দাবি করে ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলে।
পরে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কোনাবাড়ী, জরুন ও কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে ওই কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কারখানার কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
