খাগড়াছড়ির মানিকছড়িতে শতাধিক মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৬টি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় মাদরাসা অডিটোরিয়াম বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শুরু হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা হাসান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি ক্বারী ওসমান গণি, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির আনসারী, মগাইছড়ি মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রহিম ফারুকী ও মহামুনি দারুণ নাজাত হিফজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে ২৮ জন বিজয়ী প্রতিযোগির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মানিকছড়ি দারুসসুন্নাহ হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক।
